একনজরে রাঙ্গাবালী

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাঙ্গাবালীতে অবহিতকরণ সভা

ডেস্ক রিপোর্ট
১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৪৫ বিকাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ে জনসচেতনতা বাড়াতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে অবহিতকরণ সভা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার বেলা ১১টায় রাঙ্গাবালী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

‘দেশের চাবি আপনার হাতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। তিনি বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে নাগরিকদের সচেতন অংশগ্রহণ গণতন্ত্রকে শক্তিশালী করে। প্রত্যেক ভোটারের দায়িত্ব রয়েছে বিষয়গুলো ভালোভাবে বুঝে মতামত প্রদান করা।

জেলা প্রশাসক আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। ভোটাররা যেন উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে পরিবেশ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণের চাবি সাধারণ মানুষের হাতেই। তাই গণভোট ও নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে-সে বিষয়ে মতামত জানানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে এই গণভোটের মাধ্যমে।

সভায় নির্বাচন ও গণভোটের নিয়ম-কানুন, এর গুরুত্ব এবং নাগরিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঞা সভায় সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য রাখেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন নেছারসহ অন্যান্যরা।