একনজরে রাঙ্গাবালী

রাঙ্গাবালীতে অপরাধ প্রতিরোধ সভা অনুষ্ঠিত, চুরি ও মাদক নির্মূলে জনসচেতনতার আহ্বান ‎

নিজস্ব প্রতিবেদক
২৩ মে ২০২৬, ১২:০৭ রাত

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধারাবাহিক চুরির ঘটনা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এক বিশেষ অপরাধ প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎পটুয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আজ শুক্রবার সন্ধায় ইউনিয়নের গহিনখালী এালকায় এ বিশেষ অপরাধ প্রতিরোধ সভার আয়োজন করেন রাঙ্গাবালী থানা পুলিশ

‎সভায় মাদক নির্মূল, চুরি প্রতিরোধ এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়। এ সময় বক্তারা বলেন, অপরাধ দমনে পুলিশ ও জনসাধারণের সমন্বিত অংশগ্রহণ ও তথ্যভিত্তিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস মুন্সি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছোটবাইশদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন নয়াব হাওলাদার ও ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল পাশা।

‎এ সময় রাঙ্গাবালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস মুন্সি বলেন, মাদক ও অপরাধ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সমাজ থেকে মাদকের বিস্তার রোধ করা গেলে অন্যান্য অপরাধও উল্লেখযোগ্য হারে কমে আসবে।

‎তিনি আরও বলেন, গহিনখালী এলাকায় সংঘটিত চুরির ঘটনাগুলোর রহস্য উদ্ঘাটন এবং চোর চক্রকে দ্রুত আইনের আওতায় আনতে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানাই। তথ্যদাতার নাম-পরিচয় সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হবে।

‎এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।