একনজরে রাঙ্গাবালী

বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাঙ্গাবালীতে বৃষ্টিতে ভিজে অটোচালকদের কর্মসূচি 

ডেস্ক রিপোর্ট
০৭ জুন ২০২৬, ০৩:৫৮ দুপুর
বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাঙ্গাবালীতে বৃষ্টিতে ভিজে অটোচালকদের কর্মসূচি 

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট, লো-ভোল্টেজ সমস্যা ও অস্বাভাবিক লোডশেডিংয়ের প্রতিবাদে বৃষ্টিতে ভিজে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতে প্রায় অর্ধশত অটোরিকশা নিয়ে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন চালকরা। পরে ‘বিদ্যুৎ নিয়ে তামাশা কেন, পল্লী বিদ্যুৎ জবাব চাই’ স্লোগানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাঙ্গাবালীতে বিদ্যুৎ সংকট চললেও এর কার্যকর সমাধান হচ্ছে না। ঘনঘন বিদ্যুৎ চলে যাওয়া, লো-ভোল্টেজ এবং অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে চরম সমস্যায় পড়তে হচ্ছে। এতে তাদের আয়-রোজগার ব্যাহত হচ্ছে এবং পরিবার-পরিজন নিয়ে দুর্ভোগে পড়েছেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া চালকরা বলেন, বিশেষ করে রাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় নির্ধারিত সময়ে ব্যাটারি চার্জ দেওয়া সম্ভব হয় না। ফলে অনেক সময় অটোরিকশা নিয়ে রাস্তায় নামতে পারছেন না। এতে প্রতিদিন আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের।

মানববন্ধন থেকে দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে বিদ্যুৎ সংকট নিরসনে পল্লী বিদ্যুৎ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

পল্লী বিদ্যুতের রাঙ্গাবালী সাব-জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) শ্রী কৃষ্ণ পাল বলেন, শিগগিরই নবনির্মিত চরফ্যাশন ৩৩ কেভি গ্রিড থেকে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন শুরু হওয়ার কথা রয়েছে। তা হলে এই উপজেলার বিদ্যুতের চাহিদা পূরণ, লো-ভোল্টেজ সমস্যার সমাধান এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

এ ব্যাপারে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন,  চরফ্যাশন ৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রটি  শনিবার নাকি ট্রায়াল দিয়েছে। আশা করা যায় কয়েকদিনের মধ্যে পুরোপুরি চালু হয়ে যাবে।