ভূমিহীন জনগোষ্ঠীর অধিকার আদায়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ‘উপজেলা ভূমি কমিটি’ গঠন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর উদ্যোগে এবং ফিশনেট প্রকল্পের আওতায়, ওসান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহায়তায় এ কমিটি গঠিত হয়।
সোমবার সকাল ১০টায় উপজেলা ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার ৩৫ জন প্রতিনিধির অংশগ্রহণে এ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও প্রকল্পের সার্বিক পরিচিতি তুলে ধরেন ফিশনেট প্রকল্পের রাঙ্গাবালী এরিয়া ম্যানেজার অনিমেষ পাল।
ভূমি কমিটির প্রেক্ষাপট, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, “ভূমি কমিটি ভূমিহীন মানুষের অধিকার আদায়ে, বিশেষ করে খাস জমি পাওয়ার ক্ষেত্রে সরকারের বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় সাধন করবে এবং দাবী আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরো জানান, উত্তরণ প্রতিষ্ঠালগ্ন থেকেই ভূমিহীন মানুষের অধিকার আদায়ে কাজ করে আসছে এবং শ্রেণি বৈষম্যহীন সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ।
এসময় রাঙ্গাবালীর ভূমিহীন মৎস্যজীবীদের সরকারি খাস জমিতে অভিগম্যতা নিশ্চিত করতে এ কমিটি সক্রিয়ভাবে কাজ করবে। ১৯৯৭ সালের সংশোধিত নীতিমালা অনুসারে ভূমিহীন হিসেবে চিহ্নিত করা হবে— যেসব পরিবারের বসতবাড়ি বা কৃষিজমি নেই কিন্তু কৃষি নির্ভর এবং যেসব পরিবারের ১০ শতক পর্যন্ত বসতবাড়ি আছে কিন্তু কৃষিজমি নেই। তাদের নিয়ে কাজ করবে এ কমিটি।
সভায় সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ এবং ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। এতে কার্যনির্বাহী পরিষদে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল বাসার হাওলাদার, সহ-সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম, মোতালেব হাওলাদার, করুনা বেগম, সাধারণ সম্পাদক আল-মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিপন হাওলাদার, মোঃ জসীম মৃধা, শিল্পি রানী, সাংগঠনিক সম্পাদক আঃ ছালাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবু তাহের, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন চৌকিদার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাথী বেগম, প্রেস ও মিডিয়া বিষয়ক সম্পাদক এম. সোহেল, সাংস্কৃতিক সম্পাদক মোঃ রোমান মুন্সী,অফিস ও ডকুমেন্টেশন সম্পাদক অনিমেষ পাল, কার্যনির্বাহী সদস্য মোঃ শাহনেওয়াজ, মোঃ এনামুল ইসলাম, মোঃ লিটন হাওলাদার, মোঃ ফেরদৌস প্রমুখ।
এম সোহেল