‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলে তিনজন শিক্ষার্থী ও দুইজন শিক্ষক ছিলেন। অংশগ্রহণকারী দলগুলো উদ্যোক্তামূলক চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং বিভিন্ন উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। প্রতিটি প্রতিষ্ঠান নিজস্ব স্বতন্ত্র প্রকল্প প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরে।
প্রদর্শনীতে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবন, পরিবেশবান্ধব উদ্যোগ, কৃষি ও শিক্ষাবিষয়ক প্রকল্প এবং সামাজিক সমস্যার সমাধানভিত্তিক নানা ধারণা স্থান পায়। বিচারকরা প্রকল্পগুলোর উদ্ভাবনী চিন্তা, বাস্তব প্রয়োগযোগ্যতা, উপস্থাপনা এবং সম্ভাব্য প্রভাবের ভিত্তিতে মূল্যায়ন করেন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে রাঙ্গাবালী ছালেহা মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান ছোটবাইশদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং তৃতীয় স্থান অর্জনকারী ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়। তাদের হাতে সার্টিফিকেট ও পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার।
অনুষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম আয়োজনে অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি নতুন নতুন ধারণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে।