একনজরে রাঙ্গাবালী

রাঙ্গাবালীতে জাগোনারী প্রদৃপ্ত প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
২৫ জুন ২০২৬, ০৬:৩৯ বিকাল

দুর্যোগ-সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক প্রস্তুতি জোরদারের লক্ষ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায়  কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় বাস্তবায়িত জাগোনারী প্রদৃপ্ত প্রকল্পের উদ্যোগে উপজেলা পর্যায়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল  ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে  আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রকল্পটির ব্যবস্থাপক মো. জাফর আলম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার। তিনি  বলেন, দুর্যোগপ্রবণ এলাকায় জনগণের সুরক্ষা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে সকল অংশীজনকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহ-জাহান আলীসহ বিভিন্ন সরকারি  দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক এবং কমিউনিটি লিডারগণ অংশগ্রহণ করেন। সভায় দুর্যোগ প্রস্তুতি, জলবায়ু অভিযোজন, সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রমের সমন্বয় এবং স্থানীয় জনগণের জন্য সেবার মানোন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, জাগোনারী ও এসকেএস ফাউন্ডেশন বাস্তবায়িত এবং কেয়ার বাংলাদেশের কারিগরি সহযোগিতায় পরিচালিত এ প্রকল্পের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও অন্তর্ভুক্তিমূলক অভিযোজন কার্যক্রমকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।