একনজরে রাঙ্গাবালী

রাঙ্গাবালীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
১৩ জুন ২০২৬, ০৯:৩৯ রাত

দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির প্রধানমন্ত্রী কর্তৃক আনুষ্ঠানিক উদ্বোধনের পর পটুয়াখালীর রাঙ্গাবালীতে  উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার জানান, স্থানীয় সরকার বিভাগের আওতায় আগামী তিন মাসে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৩ হাজার ৭০০ গাছের চারা রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও জানান, স্থানীয় সরকার বিভাগের পাশাপাশি কৃষি বিভাগের আওতায়ও পৃথকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হবে। বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে উপজেলার সবুজ পরিবেশ আরও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারের ঘোষিত বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গাবালীতে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস এবং জনসাধারণের ব্যবহৃত স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।