একনজরে রাঙ্গাবালী

রাঙ্গাবালীতে পালকি বাজারের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৬, ০৯:০৮ সকাল

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের ভূঁইয়াকান্দা এলাকায় স্থানীয় উৎপাদকদের জন্য পালকি বাজারের  আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। জলবায়ু সহনশীল জীবিকা ও স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার বিকেলে অভিযোজনের লক্ষ্যে প্রদৃপ্ত প্রকল্পের আওতায় আয়োজিত এক অনুষ্ঠানে ‘পালকি বাজার’ ও উৎপাদকদের শিখনকেন্দ্রের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট প্রতিনিধি, উৎপাদক এবং এলাকার বাসিন্দারা অংশ নেন।

আয়োজকরা জানান, ‘পালকি বাজার’-এর মাধ্যমে স্থানীয় উৎপাদকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য, হস্তশিল্প ও অন্যান্য স্থানীয় পণ্য প্রদর্শন এবং সরাসরি বাজারজাত করার সুযোগ পাবেন। একই সঙ্গে শিখনকেন্দ্রটি উৎপাদকদের দক্ষতা উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজনমূলক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে।

প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে জাগো নারী ও এসকেএস ফাউন্ডেশন। কারিগরি সহযোগিতা দিচ্ছে কেয়ার বাংলাদেশ।

আয়োজকদের আশা, এ উদ্যোগ উপকূলীয় অঞ্চলের মানুষের টেকসই জীবিকা উন্নয়ন, স্থানীয় অর্থনীতিকে গতিশীল করা এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।